তামিম হোসেন সবুজ (বেনাপোল)
০৩ সেপ্টেম্বর, ২০২৬, 9:21 PM
বেনাপোলে বড় আঁচড়া সীমান্ত স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি
“একতা, সংস্কৃতি ও ক্রীড়া”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের বেনাপোলে বড় আঁচড়া সীমান্ত স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে বড় আঁচড়া সীমান্ত স্পোর্টিং ক্লাবের নিজস্ব হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে শরিফুল ইসলাম (চয়ন) সভাপতি এবং মোঃ বিপ্লব হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সিনিয়র সহ-সভাপতি মোঃ আজহারুল হক (তুহিন), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম (মল্লিক)।
নতুন কমিটির নেতৃবৃন্দ জানান, শুধু খেলাধুলার মধ্যেই ক্লাবের কার্যক্রম সীমাবদ্ধ না রেখে তরুণ সমাজকে মাদক, অপরাধ ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও বিস্তৃত করা হবে। পাশাপাশি স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের বিকাশে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
তারা আরও বলেন, ঐক্যবদ্ধ ও সুস্থ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণদের মাঠমুখী করতে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।
নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে বড় আঁচড়া সীমান্ত স্পোর্টিং ক্লাব স্থানীয় ক্রীড়াঙ্গনে আরও সক্রিয় ভূমিকা রাখবে এবং এলাকার তরুণদের জন্য একটি ইতিবাচক ও সুস্থ বিনোদনের প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।