রুয়েল কামাল, বড়লেখা (মৌলভীবাজার)
২৪ আগস্ট, ২০২৬, 2:05 PM
নারীদের রাজনৈতিক নেতৃত্ব জোরদারে মানসিকতা ও নীতিতে পরিবর্তনের আহ্বান
বাংলাদেশে তরুণ নারীদের রাজনৈতিক নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণে কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর মানসিকতা ও নীতিতে প্রয়োজনীয় পরিবর্তনের আহ্বান জানিয়েছেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপি।
২২ আগস্ট ২০২৬ ঢাকার একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) ও ফ্রিডরিখ-এবার্ট-স্টিফটুং (এফইএস), বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে আয়োজিত পলিটিক্স ল্যাব–এর সমাপনী সংলাপ “বাংলাদেশে তরুণ নারীদের রাজনৈতিক নেতৃত্ব শক্তিশালীকরণ” শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে তিনি এ আহ্বান জানান।
ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী বলেন, “তৃণমূল পর্যায়ে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর মানসিকতা ও নীতিতে পরিবর্তন আনতে হবে।”
তিনি বলেন, নারীদের রাজনৈতিক অংশগ্রহণ শুধু সংখ্যাগত প্রতিনিধিত্বের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না বরং নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণ এবং তৃণমূল পর্যায়ে সক্রিয় রাজনৈতিক ভূমিকা পালনের সুযোগ নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, তরুণ নারীদের রাজনীতিতে এগিয়ে আসার ক্ষেত্রে অর্থনৈতিক সক্ষমতা, রাজনৈতিক ও সাংগঠনিক সহযোগিতা, প্রাতিষ্ঠানিক সহায়তা এবং নিরাপদ রাজনৈতিক পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে নারীদের নেতৃত্ব বিকাশের সুযোগ আরও বিস্তৃত করা প্রয়োজন।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও আদর্শিক পটভূমির তরুণ নারী রাজনীতিক এবং জ্যেষ্ঠ রাজনৈতিক ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেন। আলোচনায় নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন, সরাসরি রাজনৈতিক অংশগ্রহণ, প্রাতিষ্ঠানিক সহায়তা, সাইবার হয়রানি থেকে সুরক্ষা এবং সংখ্যাগত প্রতিনিধিত্বের পরিবর্তে অর্থবহ রাজনৈতিক নেতৃত্ব নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস)-এর প্রেসিডেন্ট জিল্লুর রহমান। অনুষ্ঠানের শেষে পূর্ববর্তী পলিটিক্স ল্যাব কর্মশালায় অংশগ্রহণকারী তরুণীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
সমাপনী সংলাপে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীর বক্তব্যে বাংলাদেশে তরুণ নারীদের রাজনৈতিক নেতৃত্ব বিকাশ, তৃণমূল পর্যায়ে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং রাজনৈতিক দলগুলোর নীতি ও কাঠামোগত পরিবর্তনের প্রয়োজনীয়তা বিশেষভাবে গুরুত্ব পায়।