আমজাদ হোসেন (লাকসাম)
০৬ সেপ্টেম্বর, ২০২৬, 10:50 AM
স্থানীয় সরকার নির্বাচনে দলের ত্যাগীদের মূল্যায়ন করা হবে: এমপি আবুল কালাম
কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, বৃক্ষরোপণ, মৎস্যপোনা অবমুক্ত, কেক কাটা ও দিনব্যাপী বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচির আয়োজন করা হয়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিনব্যাপী লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল কালাম।
অনুষ্ঠানের শুরুতেই তিনি দলীয় নেতাকর্মীদের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় মো. আবুল কালাম বলেন, “বিএনপি এ দেশের সাধারণ মানুষের দল, কৃষক-শ্রমিক ও জনতার দল। শহীদ জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনে এই দল প্রতিষ্ঠা করেছিলেন। সেই দর্শন ছিল এ দেশের সার্বিক সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির দিশারী।”
তিনি বলেন, “আজ যখন দেশের গণতন্ত্র ও জনগণের মৌলিক অধিকার সংকটে, তখন শহীদ জিয়ার আদর্শ ও দর্শনই আমাদের পথপ্রদর্শক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল বহুদলীয় গণতন্ত্রের পুনরুজ্জীবন এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষা করা।”
আবুল কালাম আরও বলেন, “আমাদের প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম বর্ষপূর্তিতে ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের নেতৃত্বে দেশকে বহুদূর এগিয়ে নিতে হবে।”
উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমাদের সামনে অনেক পথ বাকি। সকল ভেদাভেদ ভুলে এখন আমাদের ইস্পাতকঠিন ঐক্য গড়ে তুলতে হবে। আমাদের দলে কোনো বিভেদ নেই। আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলের ত্যাগীদের মূল্যায়ন করা হবে।”
তিনি শহীদ জিয়াউর রহমান ও মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে বুকে ধারণ করে তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্রের কল্যাণে তৃণমূলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. নুর-উল্লাহ রায়হান, সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ মজির আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম ফারুক, পৌর মহিলা দলের সভাপতি সাইকা মাকসুদসহ লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপি এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের নেতৃবৃন্দ।
কর্মসূচির শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া বৃক্ষরোপণ, মৎস্যপোনা অবমুক্ত এবং বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়।