সুমন মন্ডল (জয়পুরহাট)
১১ অক্টোবর, ২০২৬, 6:02 PM
রাকিবের দুর্দান্ত নৈপুণ্যে ডিসি কাপের মুকুট জয়ী কালাই উপজেলা ফুটবল দল
জমজমাট লড়াই, গোলের জন্য দুই দলের মরিয়া চেষ্টা আর শেষ পর্যন্ত টাইব্রেকারের উত্তেজনা—সব মিলিয়ে রোমাঞ্চকর এক ফাইনালের সাক্ষী হলো জয়পুরহাট জেলা স্টেডিয়াম।
জেলা প্রশাসক (ডিসি) কাপ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনালে জয়পুরহাট সদর উপজেলাকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কালাই উপজেলা ফুটবল দল। শিরোপা জয়ের এই লড়াইয়ে কালাইয়ের গোলরক্ষক রাকিবের দুটি পেনাল্টি শট ঠেকানোর কৃতিত্ব বিশেষভাবে আলোচনায় এসেছে।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই দুই দলের খেলোয়াড়েরা আক্রমণাত্মক ফুটবল খেলেন। একের পর এক আক্রমণ, পাল্টা আক্রমণ ও গোলের সুযোগ তৈরি হলেও প্রতিপক্ষের রক্ষণভাগ ভাঙতে পারেনি কোনো দল। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য সমতায় শেষ হলে ম্যাচের নিষ্পত্তির জন্য টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়।
টাইব্রেকারে চাপের মুহূর্তে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেয় কালাই উপজেলা দল। অন্যদিকে জয় তুলে নিতে লড়াই চালিয়ে গেলেও শেষ পর্যন্ত ৪-৩ গোলের ব্যবধানে পরাজয় মেনে নিতে হয় জয়পুরহাট সদর উপজেলাকে। আর এই জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের শিরোপা নিজেদের করে নেয় কালাই।
দলীয় সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত অর্জনেও উজ্জ্বল ছিলেন কালাইয়ের খেলোয়াড়েরা। পুরো আসরে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কাজী এলিম। আর ফাইনালে গুরুত্বপূর্ণ মুহূর্তে দুটি পেনাল্টি শট ঠেকিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন গোলরক্ষক রাকিব। পাশাপাশি পুরো টুর্নামেন্টে গোলবারের নিচে দক্ষতার পরিচয় দিয়ে সেরা গোলরক্ষকের সম্মানও অর্জন করেন তিনি।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান, জয়পুরহাটের পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য-সচিব মো. গোলজার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আল-মামুন মিয়া।
টাইব্রেকারের স্নায়ুচাপ জয় করে কালাইয়ের এই শিরোপা জয় জেলার ফুটবল অঙ্গনে স্মরণীয় হয়ে থাকল। দলের সম্মিলিত প্রচেষ্টা, খেলোয়াড়দের দৃঢ়তা এবং গোলরক্ষক রাকিবের অসাধারণ নৈপুণ্য মিলিয়ে জয়পুরহাট ডিসি কাপের এবারের আসরে চ্যাম্পিয়নের মুকুট উঠেছে কালাই উপজেলা দলের মাথায়।