ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পোরশার নিতপুরে অগ্নিকাণ্ডে বাড়ি পুড়ে ছাই শ্যামনগরে যুবদল নেতার নেতৃত্বে প্রেসক্লাবে ঢুকে সভাপতির উপর ন্যাক্কারজনক হামলা কুড়িগ্রাম-২ আসনসহ ৪টি আসনের ব্যালট ও রেজাল্ট সিট সংরক্ষণে হাইকোর্টের আদেশ পোরশায় জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত কচুয়ার মাঝিগাছা জামালিয়া বাজার ব্যাবসায়ী সমিতির নির্বাচনে চাচা-ভাতিজার জয়লাভ কালাইয়ে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, স্বামী পলাতক বটিয়াঘাটায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৯ লাল পিঁপড়ার ডিমে চলে শত পরিবারের জীবন ওসির সামনে ৫ লক্ষ টাকা চাঁদা চাওয়া যুবদল নেতা আটক

ওপরে-নিচে একসাথে নির্মাণকাজে যান চলাচল ও স্বাস্থ্য ঝুঁকিতে কামারপাড়াবাসী

#

শোয়েব হোসেন

২৩ ডিসেম্বর, ২০২৫,  12:56 AM

news image

রাজধানী ঢাকার উত্তরা কামারপাড়া বাসস্ট্যান্ড এলাকার তিন রাস্তার মোড়ে দীর্ঘদিন ধরে চরম জনদূর্ভোগ সৃষ্টি হয়েছে। এলাকাটির ওপর দিয়ে ফ্লাইওভার নির্মাণের কাজ চলার পাশাপাশি একই স্থানে সড়ক মেরামতের কাজ চলায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। উঁচুনিচু ও ভাঙাচোরা রাস্তায় প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে।

বিশেষ করে সকাল ও সন্ধ্যার ব্যস্ত সময়ে মোটরসাইকেল, বাস, রিকশা ও পথচারীদের একসঙ্গে চলাচল করতে গিয়ে প্রায়ই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। স্থানীয়দের আশঙ্কা, সামান্য অসাবধানতায় যে কোনো সময়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

সরেজমিনে দেখা গেছে, এলাকাজুড়ে সারাদিন ধুলোবালু উড়তে থাকায় আশপাশের দোকানপাট, বাসাবাড়ি ও অফিসে বসবাসকারী মানুষজন বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। ধুলোর কারণে শ্বাসকষ্ট, চোখে জ্বালা, কাশি ও মাথাব্যথার মতো উপসর্গ দেখা দিচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। দীর্ঘ সময় খোলা পরিবেশে দায়িত্ব পালন করা ট্রাফিক পুলিশ ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের জন্য পরিস্থিতি আরও কষ্টকর হয়ে উঠেছে।

এলাকার দোকানদাররা জানান, ধুলোর কারণে দোকানে রাখা পণ্য বারবার পরিষ্কার করতে হয়, তবুও ক্রেতারা অনেকে দোকানে আসতে চান না। এতে প্রতিদিনের বিক্রি কমে যাচ্ছে। আরেক দোকানদার বলেন, উন্নয়ন কাজের বিরোধিতা নয়, কিন্তু কাজের ধীরগতি ও সমন্বয়হীনতার কারণে তাদের জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ফ্লাইওভার নির্মাণকাজের আশপাশে কর্মরত কয়েকজন শ্রমিক ও কর্মচারী বলেন, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় কাজ করতে গিয়ে সব সময় দুর্ঘটনার আশঙ্কা থাকে। রাস্তায় স্পষ্ট চিহ্ন বা ব্যারিকেড না থাকায় হঠাৎ করে যানবাহন চলে আসে, যা বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করে।

দায়িত্বরত ট্রাফিক পুলিশেরাও একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন। মো: মাবিয়ান মিঞা  (সহকারী পুলিশ কমিশনার,ট্রাফিক উত্তরা পশ্চিম জোন) বলেন, অতিরিক্ত ধুলো ও যানজটের কারণে দায়িত্ব পালন করতে গিয়ে শারীরিক অসুস্থতা বাড়ছে। নিয়মিত পানি ছিটানো বা ধুলো নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে।এগুলোর সুষ্ঠু ব্যাবস্থা জরুরি! 

এলাকাবাসী দ্রুত ফ্লাইওভার ও সড়ক মেরামতের কাজ শেষ করার দাবি জানিয়েছেন। পাশাপাশি কাজ চলাকালীন সময় ধুলো নিয়ন্ত্রণ, পর্যাপ্ত সাইনবোর্ড ও ব্যারিকেড স্থাপন এবং নিরাপদ চলাচল নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।

স্থানীয়দের মতে, উন্নয়ন কার্যক্রম প্রয়োজনীয় হলেও পরিকল্পনা ও সমন্বয়ের অভাবে তা এখন জনদূর্ভোগে পরিণত হয়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে কামারপাড়া বাসস্ট্যান্ড এলাকার এই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন সকলেই।