আমজাদ হোসেন (লাকসাম)
০৬ সেপ্টেম্বর, ২০২৬, 4:08 AM
লাকসাম-মনোহরগন্জের ২৫৩ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৫৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) লাকসাম পৌরসভা অডিটরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের এমপি মো. আবুল কালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা।
এ সময় লাকসাম উপজেলার ২০৬ জন এবং মনোহরগঞ্জ উপজেলার ৪৭ জনসহ মোট ২৫৩ জন শিক্ষার্থীর হাতে বিশেষ সম্মাননা স্মারক, নগদ অর্থ ও উপহারসামগ্রী তুলে দেয়া হয়।
এছাড়াও শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে বিশেষ অবদান রাখায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদেরও সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে মো. আবুল কালাম এমপি বলেন, আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামীদিনের সমৃদ্ধ বাংলাদেশের ভবিষ্যৎ ও কারিগর। ভালো ফলাফলের পেছনে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের পাশাপাশি শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের ত্যাগ ও সহযোগিতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি শিক্ষার্থীদের ভালো ফলাফলের মধ্যেই নিজেদের সীমাবদ্ধ না রেখে আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। পাশাপাশি মাদকমুক্ত, আধুনিক ও স্মার্ট বাংলাদেশ গড়তে তরুণ সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন এবং ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাকসাম থানার ওসি কাজী কামরুন্নাহার লাইলী, মনোহরগঞ্জ থানার ওসি মাকসুদ আহমেদ, মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও লাকসাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি ডা. মুহাম্মদ নুর-উল্লাহ রায়হান, সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মশু, পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ মজির আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক মনির আহমেদ, পৌরসভা মহিলা দল সভাপতি সাইকা মাকসুদ, পৌরসভার প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা আক্তার হোসেন।
এ সময় রাজনৈতিক, সামাজিক, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা।