শোয়েব হোসেন
১২ অক্টোবর, ২০২৬, 8:58 PM
ব্লুমিং সান স্কুলের শিক্ষার্থীদের রঙিন আয়োজন
যান্ত্রিক নগরীর ইটের দেওয়ালে শরতের বার্তা পৌঁছায় কদাচিৎ। তবে শরতের সেই চিরচেনা স্নিগ্ধতা, কাশের শুভ্রতা আর সুরের দোলা এনে দিল রাজধানীর খিলক্ষেতের ব্লুমিং সান স্কুলের শিক্ষার্থীরা। গান, নাচ, আবৃত্তি আর নাটকের মধ্য দিয়ে তারা ফুটিয়ে তুলল প্রকৃতি ও সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন।
গত রবিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় দিনব্যাপী ‘শরৎ উৎসব-২০২৬’। চার দেয়ালের পাঠ্যবইয়ের বাইরে এসে শেকড়, ঐতিহ্য ও প্রকৃতির সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতেই ব্যতিক্রমী এই আয়োজনের উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানের উদ্বোধনকালে অতিথিরা জোর দেন আনন্দময় শিক্ষার ওপর। ব্লুমিং সান স্কুলের সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী এ টি এম জসিম উদ্দিন বলেন, “শুধু জিপিএ-৫ বা পুঁথিগত বিদ্যা নয়, শিশুদের মানবিক মূল্যবোধ ও সংস্কৃতিমনা মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আসিফ ইশতিয়াক। এ সময় আরও বক্তব্য রাখেন খিলক্ষেত এলাকার প্রথম স্বীকৃত ইংরেজি ভার্সন এই বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এইচ এম সাইফুল ইসলাম সহ অনন্য শিক্ষকবৃন্দ।
উৎসব ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণ সেজেছিল কাশফুল আর শরতের রূপময় আবহমেদে। ছোট ছোট শিক্ষার্থীদের নাটিকা ও সংগীত পরিবেশনা উপস্থিত অভিভাবক ও অতিথিদের নজর কাড়ে। বক্তারা মনে করেন, এ ধরনের সুস্থ সাংস্কৃতিক উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি সুস্থ ধারার চর্চাকে বাঁচিয়ে রাখবে।