খান নজম-ই-এলাহি
১১ মে, ২০২৬, 9:50 PM
কাল্পনিক প্রেম ও প্রতিজ্ঞা
আমি একজনকে ভালোবাসি, অনুভব করি;
কিন্তু দেখা হয়নি
কখনো দেখবো কিনা তাও জানিনা!
মনের জানালায় উঁকি দেয়, শুধু মায়া ছড়ায়;
কে তুমি? কেন এত মায়া!
তোমাকে দেখিনি কখনো, হয়তো দেখা হবে না;
তবুও ভালোবাসার অমর কাব্য রয়ে যাবে আমার কাল্পনিক পৃথিবীতে।
এখানে রাত গভীর হলে
ঘরের জানালার কাঁচে নরম কুয়াশা জমে
আমি তখন একা বসে থাকি— ঠিক অচেনা কারও অপেক্ষায়
তোমার অপেক্ষায়;
প্রিয়তমা, তুমি আসো একদম নিঃশব্দে
আমার অনুভূতির ভেতর দিয়ে ধীরে ধীরে এসে দাঁড়াও
বুঝতে পারি, অনুভবের পৃথিবীতে চোখ মেলি;
আমি তোমাকে কখনও দেখিনি
তোমার চোখের রঙ জানি না
তোমার কণ্ঠের উচ্চারণও শোনা হয়নি কোনোদিন
তবু কেন যেন মনে হয়—
আমার খুব পরিচিত, আপন তুমি;
যেন কালের বহু পথ একসঙ্গে হেঁটেছি আমরা
তবুও আমার জিজ্ঞাসা, “তুমি কে?”
তুমি মৃদু হেসে বলো, “যাকে তুমি প্রতিরাতে খুঁজে বেড়াও।”
আমার কণ্ঠ চেপে আসে; কাঁপা গলায় বলি, “তাহলে বাস্তবে আসো না কেন?”
তুমি চুপ করে থাকো কিছুক্ষণ
তারপর ধীরে কোমল সুরে বলো,
“সব ভালোবাসা ছুঁয়ে দেখা যায় না, কিছু ভালোবাসা শুধু অনুভব করতে হয়।”
আমার বুকটা তখন হাহাকার করে ওঠে
চারদিকে এত মানুষ, এত কোলাহল, এত ব্যস্ততা;
তবু কোথাও যেন কেউ নেই।
“তুমি জানো!
সারাদিন এত মানুষের ভিড়ে থেকেও হঠাৎ হঠাৎ তোমার জন্য বুকটা খাঁ খাঁ করে
কোন কারণ ছাড়াই মন খারাপ হয়, মনে হয় কেউ একজন নেই।”
তুমি কাছে এসে বসো
স্বপ্নের ভেতরেও তোমার উপস্থিতি নরম বৃষ্টির মতো
তুমি বলো, “আমি তো আছি। গভীর অনুভবে বুঝে নাও।”
আচ্ছা তুমিই বলো-
“এভাবে থাকার নাম থাকা?
ঘুম ভাঙলেই তুমি তো হারিয়ে যাও।”
তুমি তখন আমার দিকে তাকিয়ে বলো,
“তুমিও তো হারিয়ে যাও বাস্তবের ভিড়ে।
দিনের আলো তোমাকে বদলে দেয়।”
হুম তা ঠিক! আমি ফিরতে চাই না তবুও সেখানে ফিরতে হয়!
আজ আমি এই স্বপ্নেই থেকে যেতে চাই
তোমার কাছে, যেখানে তুমি আছো।
তুমি মৃদু কণ্ঠে বলো,
“বোকা ছেলে
মানুষ স্বপ্নে বাঁচে না, স্বপ্ন নিয়ে বাঁচে। কিছুই জানোনা দেখছি।”
তোমার সাথে আমার অন্য এক পৃথিবী
তুমি কাছে এলেই মনে হয় সময় থেমে গেছে
আমি তোমার হাত ছুঁতে চাই কিন্তু পারি না
“একবার... শুধু একবার বাস্তবে এসো।
আমি তোমাকে দেখতে চাই।”
তুমি বলো,
“আমি কোনো মানুষ নই, আমি তোমার প্রেম, প্রেমের অপূর্ণতা,
আমি তোমার অপেক্ষা,
তোমার ভেতরের ভালোবাসা, যে ভালোবাসা এখনো কাউকে খুঁজছে।”
তোমার কথায় আমার চোখ ভিজে ওঠে
থেমে যাওয়া সময় চলতে শুরু করে
হঠাৎ দূরে ভোরের আলো ফুটতে শুরু করে
আমার স্বপ্নের আকাশ ফ্যাকাশে হয়ে যায়
তুমি আমাকে ধীরে ধীরে দূরে সরে যেতে যেতে বলো—
“যাও প্রিয়, এখন বাস্তবে ফিরে যাও।
অন্তত আমার জন্য হলেও এই পৃথিবীর অজস্র হৃদয়হীন মানুষের ভীড়ে
তোমার কোমল হৃদয়টাকে বাঁচিয়ে রেখো!
একদিন ঠিকই দেখা হবে—
স্বপ্নের ওপারে কিংবা বাস্তবের কোনো অলিতে গলিতে
আমি আসবো, আমি আসবো মানবিক সবুজ পৃথিবীতে
যেখানে লাঞ্চিত হবেনা কোন নারী, সৃষ্টির উন্মাদনায় সব ধ্বংস মিশে যাবে!
থাকবেনা রাজনৈতিক হানাহানি, প্রতিহিংসা, ধর্মীয় অন্ধত্ব, উগ্রবাদ;
আমি আসবো নির্মল সবুজ পৃথিবীতে
সচেতন মানবিক মানুষের ভিড়ে তুমি খুঁজে নিও প্রিয়।”
এসব বলতে বলতে তুমি অদৃশ্য হয়ে গেলে
আমি তোমাকে চিৎকার করে ডাকতে চাই কিন্তু শব্দেরা নিঃশব্দ অন্ধকারে বন্ধী হয়ে যায়
তুমি কোন কিছুই আর শুনতে পাও না!
আমার ঘুম ভেঙে যায়, আমি জেগে উঠি;
দেখি জানালার বাইরে সকাল দাঁড়িয়ে আছে, চারদিকে আমার পরিচিত পৃথিবী!
তবু বুকের ভেতর তখনও তোমার স্পর্শহীন উপস্থিতি রয়ে যায়;
কাল্পনিক প্রেমে প্রতিজ্ঞাবদ্ধ হই সুন্দর পৃথিবী গড়ার
আজই নেমে পড়তে হবে কল্যাণের পথে
তোমার জন্য চাই একটি স্বর্গীয় পৃথিবী!
হয়তো তুমি আসবে...
না হয় আমার কাল্পনিক পৃথিবীতে তুমি সুন্দরের অমর মহাকাব্য হয়ে বেঁচে থাকো!