দিলোয়ার হোসাইন ভূঁইয়া (কিশোরগঞ্জ)
০৪ সেপ্টেম্বর, ২০২৬, 12:45 PM
করিমগঞ্জে সাবেক শিক্ষক আজহারুল হক আর নেই
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) আজহারুল হক মারা গেছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার মোকামবাড়ি গ্রামে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজহারুল হক বেশ কয়েক দিন ধরে পায়ের ইনফেকশনজনিত সমস্যায় ভুগছিলেন। এ কারণে তিনি হাসপাতালে চিকিৎসা নেন। পরে চিকিৎসা শেষে নিজ বাড়িতে ফিরে আসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানেই তাঁর মৃত্যু হয়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) জুমার নামাজের পর মোকামবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঈদগাহ মাঠে আজহারুল হকের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মোকামবাড়ি গ্রামের পাবলিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
আজহারুল হক দুই মেয়ে ও চার ছেলের বাবা। তাঁর মৃত্যুতে সাবেক সহকর্মী, শিক্ষার্থী, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।