রুয়েল কামাল, বড়লেখা (মৌলভীবাজার)
২০ জুলাই, ২০২৬, 3:54 AM
বড়লেখায় কৃষক কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় কৃষক কার্ড বাস্তবায়নের লক্ষ্যে কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) উপজেলার বর্ণি ইউনিয়নের বর্ণি ব্লকে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুব সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার রাশেদুজ্জামান বিন হাফিজ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম জুড়ি উপজেলা বি এন পি সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু সহ অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, কৃষকদের সঠিক তথ্যের ভিত্তিতে একটি আধুনিক ডাটাবেজ তৈরি করে কৃষক কার্ড কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে প্রকৃত কৃষকদের সরকারি কৃষি সহায়তা, কৃষি উপকরণে ভর্তুকি, প্রশিক্ষণ এবং অন্যান্য সেবা আরও সহজ, স্বচ্ছ ও দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বড়লেখার উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমে স্থানীয় কৃষক, জনপ্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।