ইমরান হোসেন (খুলনা)
১০ আগস্ট, ২০২৬, 2:58 AM
বটিয়াঘাটায় যুবদল নেতার বাড়িতে গুলিবর্ষণের প্রতিবাদে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল
খুলনার বটিয়াঘাটা উপজেলা যুবদলের সদস্যসচিব মো. বাহাদুর মুন্সীর বাড়িতে গভীর রাতে গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
গত ৮ আগস্ট ২০২৬ তারিখ দিবাগত রাতে কয়েকজন সন্ত্রাসী বাহাদুর মুন্সী ও তাঁর ছোট ভাই বটিয়াঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন মুন্সীর নাম ধরে ডাকাডাকি করে। তাঁদের সাড়া না পেয়ে দুর্বৃত্তরা বাহাদুর মুন্সীর ঘরের কেসি গেট, দরজা ও জানালায় গুলি করে বলে অভিযোগ করা হয়েছে।
পরে তাঁর মা ও ছোট ভাইয়ের স্ত্রী ‘কারা, কারা’ বলে ডাক দিলে দুর্বৃত্তরা আরও দুটি ফাঁকা গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে রোববার (৯ আগস্ট) বটিয়াঘাটা উপজেলা বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বটিয়াঘাটা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নতুন স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় নেতাকর্মীরা গুলিবর্ষণের ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
বক্তারা বলেন, “বাহাদুর মুন্সী একজন স্বচ্ছ রাজনীতিবিদ। দলের দুঃসময়ে তিনি রাজপথে থেকে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন। এখন দলের সুসময়ে তাঁকে হত্যার উদ্দেশ্যে তাঁর বাড়িতে হামলা করা হয়েছে—যা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও উদ্বেগজনক।”
তারা আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য বা বিরোধের কারণে কোনো ব্যক্তির বাড়িতে গুলিবর্ষণের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা জননিরাপত্তার জন্যও উদ্বেগজনক। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
বক্তারা নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বিক্ষোভ মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম, সদস্যসচিব খন্দকার ফারুক হোসেন, সাবেক সভাপতি খায়রুল ইসলাম খান জনি, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু, সাবেক জেলা বিএনপির উপদেষ্টা আশিকুজ্জামান আশিক, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অহেদুজ্জামান ওয়াহেদ, ১ নম্বর জলমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রুহল মোমেন লিটন, ৪ নম্বর সুরখালী ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদ কামাল, ২ নম্বর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ইমরান আহম্মেদ, ৩ নম্বর গঙ্গারামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হাওলাদার, ৬ নম্বর বালিয়াডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিক মলঙ্গী।
আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক নিরু, শফিক মোল্যা, মারুফ হোসেন, মুছা আহম্মেদ, উপজেলা মহিলা দলের সভাপতি রেহেনা আফরোজ সুইটি, আসাবুর হাওলাদার, উপজেলা মহিলা দলের সদস্যসচিব কানিজ ফাতেমা, পলাশ মহালদার, উপজেলা ছাত্রদলের সভাপতি শাকিল আহম্মেদ, বাদল হাওলাদার, মাছুম বিল্লাহ, বিল্লাল হোসেন, মোস্তাকিন বিল্লাহ, হাফিজুর রহমান, নুপুর আক্তার, কাশমিরী ঢালীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।