আলমগীর মোল্লা (গাজীপুর)
২২ সেপ্টেম্বর, ২০২৬, 3:20 AM
কালীগঞ্জে বিএনপি নেতাদের সঙ্গে এমপি মিলনের মতবিনিময়
গাজীপুরের কালীগঞ্জে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার নাগরী এলাকার স্বপ্ন কানন রিসোর্টে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মিলন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল, কুরুচিপূর্ণ ও ব্যক্তিগত আক্রমণাত্মক মন্তব্য থেকে সবাইকে বিরত থাকতে হবে।
তিনি বলেন, কারো বক্তব্য বা সিদ্ধান্ত নিয়ে তথ্য ও যুক্তিনির্ভর গঠনমূলক সমালোচনা গণতন্ত্রের সৌন্দর্য। মতপ্রকাশের অধিকার সবার আছে, কিন্তু সেই সুযোগ নিয়ে কাউকে হেয় করা বা অশালীন ভাষা ব্যবহার করা যাবে না।
তিনি আরও বলেন, ভুল-ত্রুটি থাকলে যুক্তি দিয়ে তুলে ধরুন। এতে আলোচনা গঠনমূলক হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিও জবাব দেওয়ার সুযোগ পাবেন। কটূক্তি দিয়ে সমস্যার সমাধান হয় না।
সভায় কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, সাবেক সাধারণ সম্পাদক মো. সোলেমান আলম, আশরাফী হাবিবুল্লাহ খোকা, মো. খায়রুল আহসান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হোসেন আরমান মাস্টারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম সমন্বিত ও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়। নেতৃবৃন্দ স্থানীয় সাংগঠনিক কার্যক্রম ও পারস্পরিক সমন্বয়ের বিভিন্ন দিক তুলে ধরেন।