ইমরান হোসেন (খুলনা)
১৬ অক্টোবর, ২০২৬, 8:01 PM
বটিয়াঘাটায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে খুলনার বটিয়াঘাটা উপজেলার বি এইচ এম এইচ মাধ্যমিক বিদ্যালয়ে হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের (RUPANTAR) আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি করা। বিশেষ করে খাবার খাওয়ার আগে, শৌচাগার ব্যবহারের পর এবং ময়লা-আবর্জনা স্পর্শ করার পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বি এইচ এম এইচ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শংকর মণ্ডল, চায়না জোয়াদ্দার, নীলফেন মণ্ডল, উজ্জ্বল কুমার সরকার, শিউলি রানী রায়, দীপ্ত রাজ হালদার, আলামিন, আয়েশা সিদ্দিকা ও রেশমা আক্তার।
এ ছাড়া উপস্থিত ছিলেন বটিয়াঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সোহরাব হোসেন মুন্সী, সাংবাদিক মোঃ শেখ রাসেল, রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী অনুপম রায়, উপজেলা সুপারভাইজার শান্তনু রায় এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্বাস্থ্য সুরক্ষায় হাত ধোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অভ্যাস। অপরিষ্কার হাতের মাধ্যমে বিভিন্ন জীবাণু শরীরে প্রবেশ করে ডায়রিয়া, আমাশয় ও অন্যান্য সংক্রামক রোগ ছড়াতে পারে। নিয়মিত ও সঠিক পদ্ধতিতে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস এসব রোগের ঝুঁকি কমাতে সহায়তা করে।
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, হাতের তালু, হাতের পিঠ, আঙুলের ফাঁক, নখের নিচের অংশ ও আঙুলের ডগাসহ হাতের সব অংশ ভালোভাবে পরিষ্কার করা প্রয়োজন। এ জন্য কমপক্ষে ২০ সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ঘষে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হয়।
বিদ্যালয় পর্যায়ে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহিত করে। পাশাপাশি শিক্ষার্থীরা নিজেদের পরিবার ও সমাজের অন্য সদস্যদের মধ্যেও পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দিতে পারে।