আমজাদ হোসেন (লাকসাম)
১৮ সেপ্টেম্বর, ২০২৬, 3:37 AM
জাতিসংঘের সাধারণ অধিবেশনের সংবাদ সংগ্রহে নিউইয়র্ক গেলেন সাংবাদিক রফিকুল ইসলাম শান্ত
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের সংবাদ সরাসরি কাভার করতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন লাকসাম প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবং দৈনিক তরুণ কণ্ঠের প্রধান সম্পাদক ও প্রকাশক রফিকুল ইসলাম শান্ত।
বৃহস্পতিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে আবুধাবিতে ট্রানজিট শেষে নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
জাতিসংঘ সদর দপ্তরে আগামী ১৮ থেকে ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য সাধারণ অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, আলোচনা ও গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ সরাসরি কাভার করবেন সাংবাদিক রফিকুল ইসলাম শান্ত। বিশ্বনেতাদের বক্তব্য, বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে আলোচনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের খবর বাংলা ভাষাভাষী পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার কথা রয়েছে তাঁর।
এবারের অধিবেশনে বিশ্বশান্তি, মানবাধিকার, সন্ত্রাস দমন, মানি লন্ডারিং প্রতিরোধ, খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন ও সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন বৈশ্বিক বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এসব বিষয়ে বিভিন্ন দেশের নেতাদের বক্তব্য ও অবস্থান সরাসরি অধিবেশনস্থল থেকে তুলে ধরবেন তিনি।
যুক্তরাষ্ট্রে অবস্থানকালে বিভিন্ন প্রবাসী সংগঠনের আমন্ত্রণে সামাজিক ও অন্যান্য অনুষ্ঠানেও অংশ নেওয়ার কথা রয়েছে রফিকুল ইসলাম শান্তর। আগামী ২ অক্টোবর পর্যন্ত তিনি নিউইয়র্কে অবস্থান করবেন বলে জানা গেছে।
পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ এবং আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের অভিজ্ঞতা রয়েছে এই সাংবাদিকের। তিনি আমেরিকা, ব্রাজিল, চীন, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ভারত, থাইল্যান্ড, নেপাল, ভুটান, কম্বোডিয়া, সৌদি আরব, লাওস ও ভিয়েতনামসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।
কুমিল্লার লাকসাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের উত্তরকুল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন রফিকুল ইসলাম শান্ত। সাংবাদিকতার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও সক্রিয় তিনি। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-২-এর অধিভুক্ত লায়ন্স ক্লাব অব ঢাকা বনফুলের রিজিওনাল চেয়ারপার্সনের দায়িত্বও পালন করছেন তিনি।
জাতিসংঘের সাধারণ অধিবেশন কাভারের পাশাপাশি যুক্তরাষ্ট্রে অবস্থানকালে দেশের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের ভাবমূর্তি আরও এগিয়ে নিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন সাংবাদিক রফিকুল ইসলাম শান্ত। এ জন্য তিনি দেশবাসী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।