কামরুল হাসান রুবেল (কোম্পানীগঞ্জ)
০৯ আগস্ট, ২০২৬, 3:17 AM
কোম্পানীগঞ্জে অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি, চরফকিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র প্রবাসী জহির উদ্দিন সেলিম এবং তাঁর ভাই শিহাব উদ্দিন রিপনের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট অপপ্রচার ও নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে কোম্পানীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে চরফকিরা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে চাপরাশিরহাট পূর্ব বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে একটি বিক্ষোভ মিছিল চাপরাশিরহাট পূর্ব বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চরফকিরা ইউনিয়ন বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন চরফকিরা ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন রিপনসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, হানিফ-আমেরিকান সিটির কর্ণধার হানিফ ছুকানী এবং তাঁর ছেলে ওমর ফারুক (বাদশা) দীর্ঘদিন ধরে বিএনপি নেতা জহির উদ্দিন সেলিম, তাঁর পরিবার ও নেতাকর্মীদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে আসছেন। এ ঘটনার প্রতিবাদে বক্তারা হানিফ ছুকানী ও ওমর ফারুককে চরফকিরা ইউনিয়ন ও চাপরাশিরহাট বাজারে 'অবাঞ্ছিত' ঘোষণা করেন।
পরে ইউনিয়ন বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চরফকিরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল হক মাস্টার।
লিখিত বক্তব্যে দাবি করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে পরিকল্পিতভাবে জহির উদ্দিন সেলিম, তাঁর পরিবার ও বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। একই সঙ্গে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগও তোলা হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান।
এ সময় ক্লাবের প্রধান উপদেষ্টা কানাডা শামসুল হুদা মামুন ও ক্লাবের সভাপতি আমেরিকার প্রবাসী সাইফুল আলম শুভেচ্ছা ও উপস্থিত সকলকে ধন্যবাদ জানান৷