দিলোয়ার হোসাইন ভূঁইয়া (কিশোরগঞ্জ)
০৪ সেপ্টেম্বর, ২০২৬, 12:40 PM
করিমগঞ্জে জুলাই আন্দোলনের মামলায় ছাত্রলীগ নেতা নিলয় গ্রেপ্তার
কিশোরগঞ্জের করিমগঞ্জে ২০২৪ সালের জুলাই আন্দোলনকে কেন্দ্র করে করিমগঞ্জ থানায় দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মেশকাতুল নূর নিলয় উপজেলার উরদিঘী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত তিনটার দিকে উপজেলার গুণধর ইউনিয়নের দক্ষিণ আশতকা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার মেশকাতুল নূর নিলয় করিমগঞ্জ উপজেলার দক্ষিণ আশতকা গ্রামের বাসিন্দা। তিনি জাতীয় পার্টির অঙ্গসংগঠন জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সদস্য নূর মোহাম্মদ রুবেলের ছেলে।
পুলিশ জানিয়েছে, ২০২৪ সালের জুলাই আন্দোলনকে কেন্দ্র করে করিমগঞ্জ থানায় দায়ের করা মামলায় নিলয়কে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বিষয়ে পুলিশ তদন্ত করছে।