মুনসুরুল ইসলাম মাসুম (শ্রীপুর প্রতিনিধি)
০৩ আগস্ট, ২০২৬, 10:26 AM
আমি আপনাদের অভিযোগ শুনতে আসিনি, শুনাতে এসেছি: গাজীপুরের এসপি
গাজীপুরের শ্রীপুর থানা পুলিশের উদ্দোগে সন্ত্রাস ও মাদকমুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে শ্রীপুর থানা প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহীনুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের পুলিশ সুপার মোঃ শরীফ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি আহবায়ক মো. আব্দুল মোতালেব, পৌর বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির সরকার, সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সভাপতি মাওলানা মোঃ নুরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাক্ষ আবুল কালাম আজাদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ ছাড়াও গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) খন্দকার আশফাকুজ্জামান, কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ শফিকুল ইসলাম,শ্রীপুর থানার পরিদর্শক অপারেশন সঞ্জয় সাহা উপস্থিত ছিলেন।
সভায় নেতৃবৃন্দ আইন শৃংখলা ও মাদক নিয়ে বক্তব্য রাখেন। পৌর বিএনপির সদস্য সচিব মো. বিল্লাল হোসেন বেপারী অভিযোগ করে বলেন, আমি আসন্ন শ্রীপুর পৌসভার নির্বাচনের মেয়র প্রার্থী। একটি চক্র এআই নির্মিত আমার আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ইমেজ নষ্ট করছে। এ বিষয়ে থানায় ইতি পূর্বে দুই বার সাধারণ ডায়রী করেছি। সব শেষ গতকালো ফের সাধারণ ডায়রী কেরেছি। এখন প্রশ্ন হলো রাষ্ট্র ক্ষমতায় বিএনপি। আমাদের এমপি বিএনপির। তার পরো যদি প্রতিকার না পাই তাহলে যাবো কোথায়। আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ব্যবস্থা গৃহিত না হলে তিনি থানার সামনে আত্বহত্যার হুমকি দেন তিনি।
বরমী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. আক্তারুজ্জামান শামীম বলেন, কিছুদিন পূর্বে গফরগাঁও থেকে আসা নিষিদ্ধ ছাত্রলীগের নেতা কর্মীরা দূর্লভপুরে মিছিলের চেষ্টা করে। আমিসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ছয় জনকে ধরে পুলিশে সোপর্দ করি। থানায় মামলা হলেও পুলিশ বাকী আসামীদের গ্রেফতার করছেনা। সরকারের এতা গোয়েন্দা সংস্থা থাকার পরও কেনো ওই আসামীদের ধরা হচ্ছেনা। আমরাই যদি সব করবো তাহলে এতো গোয়েন্দা সংস্থার কি দরকার।
প্রধান অতিথির বক্তব্যে গাজীপুরের পুলিশ সুপার মোঃ শরীফ উদ্দিন বলেন, আজকে আমি আপনাদের অভিযোগ শুনতে আসেনি এসেছি অভিযোগ দিতে। নিষিদ্ধ সংগঠনের কাউকে আটক করলে আপনারাই ছাড়িয়ে নিতে তদবির করেন। “সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে। মাদকের বিষয়ে সকলকে সোচ্চার থাকতে হবে। নিজের সন্তান, ভাই, ভাতিজা কোথায় কি করে তার খবর রাখতে হবে। প্রতিটি ইউনিয়নে মাদক নির্মূলে কমিটি গঠন করার নির্দেশনা প্রদান করেন তিনি।কোনো অবস্থাতেই মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের ছাড় দেওয়া হবে না বলে জানান গাজীপুরের পুলিশ সুপার মোঃ শরীফ।