মুনসুরুল ইসলাম মাসুম (শ্রীপুর প্রতিনিধি)
২৬ আগস্ট, ২০২৬, 5:44 AM
শ্রীপুরে রাস্তা নিয়ে বিরোধে মা-মেয়েকে মারধর, স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়ার অভিযোগ
গাজীপুরের শ্রীপুরে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে এক নারী ও তার মেয়েকে মারধর, স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া এবং শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মোছা. ফেরদৌসি আক্তার নামে এক নারী।
অভিযোগ সূত্রে জানা যায়, শ্রীপুর উত্তর বড়বাড়ী এলাকায় একটি সরকারি রাস্তা দিয়ে স্থানীয়রা দীর্ঘদিন ধরে চলাচল করে আসছেন। ওই রাস্তা ব্যবহারকে কেন্দ্র করে অভিযুক্তদের সঙ্গে ফেরদৌসি আক্তারের পরিবারের বিরোধ চলে আসছিল।
অভিযোগকারীর দাবি, অভিযুক্তরা বিভিন্ন সময় তাদের চলাচলে বাধা ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিলেন। এমনকি রাস্তা থেকে ইট তুলে নেওয়া এবং বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার ক্ষেত্রেও বাধা দেওয়ার অভিযোগ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, গত ২২ আগস্ট দুপুর দেড়টার দিকে অভিযুক্তরা ফেরদৌসির বাড়িতে গিয়ে তাকে ও তার অসুস্থ মেয়েকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। প্রতিবাদ করলে তাদের মারধর করা হয়। এ সময় একজন লাঠি দিয়ে ফেরদৌসির পা, পিঠ, উরু ও দুই বাহুতে আঘাত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া ফেরদৌসির মেয়ের গলায় থাকা প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন, যার আনুমানিক মূল্য দুই লাখ টাকা, নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। পাশাপাশি এক অভিযুক্ত তার মেয়ের পরনের কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করেন বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
পরে তারা বাড়ির গেট বন্ধ করে ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। অভিযোগকারীর দাবি, তখন অভিযুক্তরা তাদের খুন ও জখমের হুমকি দেন এবং রাস্তা দিয়ে চলাচল করলে হত্যার পর লাশ রাস্তায় পুঁতে রাখার হুমকিও দেওয়া হয়।
অভিযোগকারী জানান, ঘটনার বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করার পর থানায় লিখিত অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে। ঘটনার ভিডিও রেকর্ড রয়েছে বলেও তিনি দাবি করেছেন।
এ বিষয়ে শ্রীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়ে ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মোছা. ফেরদৌসি আক্তার। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।