শিহাবুর রহমান (পীরগঞ্জ)
১৭ জুলাই, ২০২৬, 7:10 PM
রংপুরের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২
রংপুরের পীরগঞ্জ রোমান পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলের পেছনে বসে থাকা এক ব্যক্তি নিহত এবং চালকসহ গুরুতর ২ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৭ জুলাই) জুমার নামাজের পর ঢাকা–রংপুর মহাসড়কের পীরগঞ্জ উপজেলার বড়দরগাহ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম উজ্জ্বল রায়। তিনি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মসুরদরগাহ এলাকার বাসিন্দা এবং দুলাল রায়ের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া থেকে রংপুরগামী একটি মোটরসাইকেল বড়দরগাহ বাজার এলাকায় পৌঁছালে চালক হঠাৎ রাস্তা পার হওয়া দুই পথচারীকে বাঁচানোর চেষ্টা করেন। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রোমান পরিবহনের একটি যাত্রীবাহী বাসের নিচে চলে যায়। এতে মোটরসাইকেলের পেছনে বসে থাকা উজ্জ্বল রায় ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ ২জন গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
খবর পেয়ে বড়দরগাহ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং পরবর্তী আইনগত কার্যক্রম শুরু করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ উদ্ঘাটনে তদন্ত করছে রড়দরগা হাইওয়ে পুলিশ।