শিহাবুর রহমান (পীরগঞ্জ)
০৬ সেপ্টেম্বর, ২০২৬, 11:07 AM
যাত্রী সেজে লোহার রড দিয়ে চালককে পিটিয়ে অটোভ্যান ছিনতাই
রংপুর জেলার পীরগঞ্জে যাত্রী সেজে অটোভ্যানে উঠে চালককে লোহার রড দিয়ে মারধর করে অটোভ্যান ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত অটোভ্যানচালককে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে পীরগঞ্জ জামতলা থেকে মাদারগঞ্জ হাটগামী সড়কের সদরা কুতুবপুর মাদ্রাসা বাজারসংলগ্ন ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।
আহত অটোভ্যানচালকের নাম মোকলেছার। তিনি উপজেলার ধুলগাড়ি গ্রামের মৃত সিরাজের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি রাতের বেলায় অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে পীরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে কুতুবপুর সদরা যাওয়ার কথা বলে এক ব্যক্তি অটোভ্যানে ওঠেন। পরে জামতলা হয়ে মাদারগঞ্জ হাটগামী সড়কের সদরা কুতুবপুর মাদ্রাসা বাজারসংলগ্ন ব্রিজের কাছে পৌঁছালে ওই ব্যক্তি অটোভ্যানটি অন্যত্র নেওয়ার চেষ্টা করেন। এতে চালক মোকলেছার বাধা দিলে তাকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে চালককে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে রেখে অটোভ্যানটি নিয়ে পালিয়ে যায় বলে জানা গেছে।
এদিকে, বাজার থেকে বাড়ি ফেরার পথে সুমন ও রাসেল নামে দুই ব্যক্তি রাস্তায় চিৎকার শুনে ঘটনাস্থলের দিকে এগিয়ে যান। সেখানে তারা চালক মোকলেছারকে মাথায় গুরুতর আঘাত ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।
পরে সুমন ও রাসেল তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।