ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

যশোরে সদ্য উদ্বোধন হওয়া স্বপ্ন ক্লিনিকে প্রসূতির মৃত্যু

#

ডেস্ক রিপোর্ট

১৪ জুন, ২০২৬,  12:29 AM

news image

যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অদূরে অবস্থিত সদ্য চালু হওয়া স্বপ্ন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের পর মরিয়ম খাতুন (১৭) নামে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পরিবারের পক্ষ থেকে ভুল চিকিৎসা ও গাফিলতির অভিযোগ তোলা হলেও ক্লিনিক কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে। গত মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত প্রায় ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

মরিয়ম খাতুন উপজেলার বাঘুটিয়া গ্রামের হাসান শেখের মেয়ে এবং বেজেরডাঙ্গা এলাকার হাসানুরের স্ত্রী। নিহতের স্বজনদের দাবি, মঙ্গলবার দুপুরে সন্তান প্রসবের জন্য মরিয়মকে স্বপ্ন ক্লিনিকে ভর্তি করা হয়। রাত সাড়ে ১১টার দিকে সিজারিয়ান অপারেশনের জন্য তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়।কিছু সময় পর একটি পুত্রসন্তানের জন্ম হলেও দীর্ঘ সময় ধরে রোগীকে ওটি থেকে বের না করায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

স্বজনদের অভিযোগ, রোগীর খোঁজ নিতে গেলে কর্তব্যরত নার্সদের কাছ থেকে সহযোগিতা পাওয়া যায়নি। তাদের দাবি, অপারেশনের সময় জটিলতা তৈরি হয়ে মরিয়মের মৃত্যু হয় এবং পরে তাকে উন্নত চিকিৎসার কথা বলে খুলনায় পাঠানো হয়।

পরিবারের সদস্যরা অভিযোগ করেন, খুলনায় নেওয়ার পর চিকিৎসকরা রোগীর অবস্থা দেখে তাকে মৃত বলে জানান। মরিয়মের নানি অভিযোগ করে বলেন, তাদের ধারণা ওটির ভেতরেই মরিয়মের মৃত্যু হয়েছিল এবং বিষয়টি আড়াল করার চেষ্টা করা হয়েছে।

পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তি দাবি করা হয়েছে। মরিয়মের বাবা আবেগাপ্লুত কণ্ঠে বলেন, পরিবারের জন্য এটি অপূরণীয় ক্ষতি।

অন্যদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট চিকিৎসক ডা: শামিমুজ্জামান শামীম বলেন, অপারেশনের পর রোগীর রক্তচাপ কমে যায় এবং পরবর্তীতে হার্টের জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়। পরে তিনি রোগীর মৃত্যুর খবর শুনেছেন বলে জানান।

এ বিষয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আলিমুর রাজিব বলেন, বিষয়টি তার জানা আছে, তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

যশোরের সিভিল সার্জন ডা: মোহাম্মাদ মাসুদ রানা বলেন, ঘটনার তথ্য সংগ্রহ করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন