ইমরান হোসেন (খুলনা)
২৮ আগস্ট, ২০২৬, 6:41 PM
ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কারে স্বস্তিতে হোগলবুনিয়া ও উত্তর শৈলমারী গ্রামের মানুষ
খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার সদর ইউনিয়নের হোগলবুনিয়া ও উত্তর শৈলমারী গ্রামের মানুষের চলাচলের দুর্ভোগ কমাতে ব্যক্তিগত উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কার করা হয়েছে।
স্থানীয়ভাবে আলোচিত ‘বি কোম্পানির নবাব’-এর উদ্যোগে এ সংস্কারকাজ সম্পন্ন হওয়ায় এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
দীর্ঘদিন ধরে রাস্তাটির বেহাল অবস্থার কারণে চলাচলে নানা সমস্যার সম্মুখীন হতে হতো স্থানীয় বাসিন্দাদের। বিশেষ করে বৃদ্ধ-বৃদ্ধা, গর্ভবতী নারী, স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীসহ সাধারণ মানুষের দুর্ভোগ ছিল চরমে। বর্ষাকালে রাস্তার বিভিন্ন অংশে কাদা ও পানি জমে যাওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ত বলে জানান স্থানীয়রা।
এ অবস্থায় জনদুর্ভোগের কথা বিবেচনা করে ব্যক্তিগত উদ্যোগে রাস্তাটি সংস্কারের পদক্ষেপ নেওয়া হয়। সংস্কারকাজের ফলে বর্তমানে পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চলাচল অনেকটাই সহজ হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে ব্যক্তিগত উদ্যোগে এমন একটি জনকল্যাণমূলক কাজ করায় তারা খুশি। বিশেষ করে অসুস্থ রোগী হাসপাতালে নেওয়া, শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াত এবং দৈনন্দিন কাজে মানুষের চলাচলে এ রাস্তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
উদ্যোক্তার পক্ষ থেকে জানা গেছে, ভবিষ্যতেও এলাকার মানুষের কল্যাণে আরও উন্নয়নমূলক ও জনসেবামূলক কাজ করার ইচ্ছা রয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, ব্যক্তি উদ্যোগের পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষও এলাকার গুরুত্বপূর্ণ রাস্তাঘাটের স্থায়ী উন্নয়ন ও সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। স্থানীয়দের ভাষ্য, মানুষের দুর্ভোগ লাঘবে নেওয়া এই উদ্যোগটি এলাকায় ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।