তামিম হোসেন সবুজ (বেনাপোল)
২০ জুলাই, ২০২৬, 3:34 AM
বেনাপোলে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য বাইক শোডাউন ও শোভাযাত্রা
ফিফা বিশ্বকাপের ফাইনালকে ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা ছড়িয়ে পড়েছে সীমান্ত শহর বেনাপোলে। বৈরি আবহাওয়া ও গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশ করতে শতাধিক মোটরসাইকেল নিয়ে বর্ণাঢ্য শোডাউন ও শোভাযাত্রা করেছেন সমর্থকরা।
শনিবার বিকেলে যশোরের বেনাপোল বলফিল্ড থেকে শুরু হয় আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য বাইক শোডাউন। নীল-সাদা পতাকা, জার্সি ও দেশিয় পতাকায় সজ্জিত শতাধিক মোটরসাইকেল নিয়ে সমর্থকরা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় আর্জেন্টিনার পক্ষে বিভিন্ন স্লোগান ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
শোভাযাত্রাটি বেনাপোলের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শার্শা ও নাভারণ এলাকা ঘুরে আবারও বলফিল্ডে এসে শেষ হয়। এতে বিভিন্ন বয়সের ফুটবলপ্রেমী অংশ নেন। তরুণদের পাশাপাশি শিশু ও বয়োজ্যেষ্ঠ সমর্থকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। উৎসবমুখর এই আয়োজনে সীমান্ত শহরের সাধারণ মানুষও দাঁড়িয়ে করতালি দিয়ে তাদের উৎসাহ দেন।
আর্জেন্টিনা সমর্থকরা বলেন, আমরা ফুটবলকে ভালোবাসি। প্রিয় দল আর্জেন্টিনাকে সমর্থন জানাতে এই শোভাযাত্রার আয়োজন করেছি। আমাদের প্রত্যাশা, ফাইনালে আর্জেন্টিনা দুর্দান্ত খেলবে এবং শিরোপা জিতবে।
আয়োজকরা বলেন, খেলাধুলা মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে। তাই কোনো ধরনের উসকানি নয়, বরং শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে ফুটবলের প্রতি ভালোবাসা প্রকাশ করতেই এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
এসময় তারা তরুণদের মাঝে মাদকের ভয়াবহতা যেনো ছড়িয়ে পড়ে তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি মনোযোগী হওয়ার আহবান করেন।
বিশ্বকাপ ফুটবলকে ঘিরে এমন আয়োজন ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসবের আমেজ আরও বাড়িয়ে দিয়েছে। প্রিয় দলের জয় প্রত্যাশায় এখন ফাইনাল ম্যাচের অপেক্ষায় বেনাপোলের আর্জেন্টিনা সমর্থকরা।