তামিম হোসেন সবুজ (বেনাপোল)
১৩ অক্টোবর, ২০২৬, 5:37 PM
বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন
যশোরের বেনাপোলে বেনাপোল পৌর বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বেনাপোল পৌর বিএনপি। এ বিষয়ে পৌরবাসীর পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ আনা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বেনাপোলের রহমান চেম্বারে অবস্থিত হোটেল সানরুফ ইন্টারন্যাশনালে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, সম্প্রতি বেনাপোলের ট্রান্সপোর্ট ব্যবসায়ী হিসেবে পরিচিত আতিকুজ্জামান সনির বিরুদ্ধে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে। এ ধরনের বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার, পারস্পরিক সম্মান ও সামাজিক সম্প্রীতির পরিপন্থী বলে মনে করেন তাঁরা।
আয়োজকরা বলেন, আবু তাহের ভারত বেনাপোল পৌর বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক। তাঁর রাজনৈতিক ও সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ন করে কোনো ধরনের অপমানজনক বক্তব্য দেওয়া হলে তা গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে তবে তা প্রকাশের ক্ষেত্রে শালীনতা, দায়িত্বশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা জরুরি।
আয়োজকদের দাবি, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে দায়িত্বশীল ব্যক্তিদের নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে শালীনতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দায়িত্বশীলতা বজায় রাখা জরুরি।
মতপার্থক্য থাকলেও ব্যক্তিগত আক্রমণ কিংবা আপত্তিকর বক্তব্য কোনোভাবেই সুস্থ রাজনৈতিক পরিবেশের জন্য সহায়ক নয়। এ ধরনের ঘটনা রাজনৈতিক সৌহার্দ্য ও সামাজিক সম্প্রীতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলেও মনে করছেন তাঁরা।
বেনাপোল পৌর বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক আবু তাহের ভারত স্থানীয় রাজনীতিতে পরিচিত মুখ। তাঁকে নিয়ে কথিত আপত্তিকর মন্তব্যের ঘটনায় প্রতিবাদ জানিয়ে নিজেদের অবস্থান জনসমক্ষে তুলে ধরতে চান আয়োজকেরা।