শিহাবুর রহমান (পীরগঞ্জ)
৩০ সেপ্টেম্বর, ২০২৬, 10:19 PM
পীরগঞ্জে ভোটার হতে এসে আটক রোহিঙ্গা যুবক
রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয়ে ভোটার হতে এসে মোঃ শওকত নামের এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে তাকে আটক করা হয়।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, মোঃ শওকত পীরগঞ্জ উপজেলার পাঁচগাছি ইউনিয়নের জাহাঙ্গীরাবাদ গ্রামের বাসিন্দা পরিচয়ে ভোটার হওয়ার জন্য নির্বাচন অফিসে যান। এ সময় তিনি নাগরিকত্ব সনদ, জন্মনিবন্ধনসহ প্রয়োজনীয় বিভিন্ন কাগজপত্র জমা দেন।যাচাই-বাছাইয়ের সময় তার পরিচয় ও কথাবার্তায় অসংগতি লক্ষ্য করা যায়। পরে নির্বাচন কর্মকর্তার জিজ্ঞাসাবাদে তার পরিচয় নিয়ে সন্দেহ আরো বাড়ে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শওকত জানান, তিনি উখিয়া-টেকনাফের ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। টেকনাফের এক ব্যক্তির সঙ্গে যোগাযোগের মাধ্যমে তিনি পীরগঞ্জে আসেন। জনৈক ঐ ব্যক্তি তাকে পীরগঞ্জের নাগরিক বানিয়ে বিদেশে পাঠানোর কথা বলেছিলেন।অপর দিকে পাঁচগাছি ইউনিয়নের নামে তৈরি করা কাগজপত্রের সত্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান,মোঃ সুলতান মন্ডল বলেন, শওকতের দেখানো কাগজপত্র ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া হয়নি। এসব কাগজে তার স্বাক্ষর ও ইউনিয়নের সিল জাল করা হয়েছে।
পীরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আজিজার রহমান বলেন, ‘শওকতকে দেখে প্রথম থেকেই সন্দেহ হয়েছিল। পরে কথাবার্তায় সন্দেহ আরো বাড়ে। একপর্যায়ে তাকে জাতীয় সংগীত বলতে বলা হলে তিনি তা বলতে পারেননি। এতে তার নাগরিকত্ব নিয়ে সন্দেহ আরো জোরালো হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদেও তার বক্তব্যে তিনি রোহিঙ্গা হওয়ার বিষয়টি স্বীকার করেন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,(ওসি) নজমুল হক জানান, আটক রোহিঙ্গা যুবককে থানা হেফাজতে রাখা হয়েছে। স্থানীয় দালাল চক্রের সদস্য তাকে নিয়ে এসেছে বলে ধারণা করা হচ্ছে। জড়িত সেই স্থানীয় ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।