শিহাবুর রহমান (পীরগঞ্জ)
০৬ সেপ্টেম্বর, ২০২৬, 11:24 AM
পীরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান
রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা সদরের ফুটপাতগুলো দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। অভিযানের ফলে দীর্ঘদিন দখলে থাকা ফুটপাতগুলো পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত হয়েছে।
বৃহস্পতিবার,(৩ সেপ্টেম্বর২৬ ইং) উপজেলা সদরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন,পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, (ইউএনও) মাহমুদুল হাসান। অভিযানে ফুটপাত দখল করে নির্মাণ করা দোকানঘরসহ বিভিন্ন স্থাপনা সরিয়ে দেওয়াসহ ফুটপাত দখল করে রাখা দোকান ও অন্যান্য স্থাপনা উচ্ছেদ করেন। এতে ব্যস্ত সড়কের পাশে দীর্ঘদিন ধরে দখল হয়ে থাকা ফুটপাতগুলোতে পথচারীদের স্বাভাবিক চলাচলের সুযোগ তৈরি হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফুটপাত দখল করে থাকা দোকানঘর ও অন্যান্য স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের আগেই নোটিশ দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা সরিয়ে না নেওয়ায় প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের পর উপজেলা সদরের বিভিন্ন এলাকায় ফুটপাতের ওপর পথচারীদের চলাচল সহজ হয়েছে। প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় পথচারী ও সচেতন নাগরিকরা। তাদের মতে, ফুটপাত দখলমুক্ত থাকলে সাধারণ মানুষের চলাচলে স্বস্তি ফিরবে এবং সড়কে শৃঙ্খলাও বাড়বে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, জনসাধারণের চলাচলের পথ দখল করে কোনো ধরনের স্থাপনা নির্মাণ কিংবা ব্যবসা পরিচালনা করতে দেওয়া হবে না। ভবিষ্যতে কেউ ফুটপাত দখল করে নতুন করে স্থাপনা নির্মাণ করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।