শিহাবুর রহমান (পীরগঞ্জ)
১৩ অক্টোবর, ২০২৬, 5:32 PM
পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার
যে কলাগাছের কান্ড একসময় কৃষকের কাছে ছিল শুধুই পরিত্যক্ত বর্জ্য এখন সেই কান্ডই হয়ে উঠছে আয়ের নতুন উৎস। পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে বিশেষ প্রক্রিয়ায় তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার। পাশাপাশি উৎপাদনের অবশিষ্টাংশ ব্যবহার করে তৈরি করা হচ্ছে জৈব সার।
রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার সদরে ওসমানপুর গ্রামে "ব্যানানা ফাইবার মেশিন" ব্যবহার করে এমন উদ্যোগ নিয়েছেন স্থানীয় উদ্যোক্তা হাসু মিয়া। মাঠ-ঘাটে পড়ে থাকা পরিত্যক্ত কলাগাছ সংগ্রহ করে মেশিনের মাধ্যমে কান্ড থেকে আঁশ আলাদা করা হয়। পরে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সেই আঁশকে ব্যবহারযোগ্য করে মূল্যবান ফাইবারে রূপ দেওয়া হচ্ছে।
উদ্যোক্তা হাসু মিয়া জানান, বিদেশে প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরে অল্প পুঁজি দিয়ে তিনি এ উদ্যোগ শুরু করেন। বর্তমানে ছোট পরিসরে পরিচালিত কারখানায় প্রতিদিন ৬ থেকে ৮ জন শ্রমিক কাজ করেন। উৎপাদিত ফাইবার করে কুরিয়ার সার্ভিসে ঢাকায় পাঠানো হয়। সেখান থেকে এসব ফাইবার বিদেশে রপ্তানি করা হচ্ছে।
তিনি বলেন, ভবিষ্যতে উৎপাদন বাড়িয়ে উদ্যোগটি আরও বড় করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে অন্য কেউ এ ধরনের উদ্যোগ নিতে চাইলে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা করার আশ্বাসও দেন।
স্থানীয়রা জানান, পরিত্যক্ত কলাগাছ কাজে লাগানোর ফলে একদিকে কৃষিতে বর্জ্য কমছে, এবং অন্যদিকে সৃষ্টি হচ্ছে কর্মসংস্থানের সুযোগ। শুধু ফাইবার উৎপাদনই নয় প্রক্রিয়াজাতকরণের পর অবশিষ্ট কলাগাছের অংশ দিয়ে জৈব সার তৈরির উদ্যোগও তাঁর রয়েছে। ফলে কলাগাছের প্রায় পুরো অংশই কাজে লাগানোর সুযোগ তৈরি হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তিগত সহায়তা, সহজ শর্তে অর্থায়ন এবং বাজারজাতকরণের সুযোগ নিশ্চিত করা গেলে কলাগাছ দিয়ে মূল্য ফাইবার উৎপাদনের মতো উদ্যোগ আরও বিস্তৃত হতে পারে। এতে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান বাড়ার পাশাপাশি কৃষিজ বর্জ্যকে মূল্যবান সম্পদে পরিণত করার নতুন সম্ভাবনা রয়েছে।