ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

পটিয়ায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতার থানায় সেলফি, দুই পুলিশ ক্লোজড

#

ইরফান হোসেন (পটিয়া প্রতিনিধি)

২১ ডিসেম্বর, ২০২৫,  1:48 PM

news image

চট্টগ্রামের পটিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার থানার ভেতরে সেলফি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এক পুলিশ কর্মকর্তা ও এক পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।

ক্লোজড হওয়া দুজন হলেন পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হক ও কনস্টেবল মো. সেলিম।

পুলিশ সূত্র জানায়, বুধবার রাতে পটিয়া পৌর সদরের কাগজীপাড়া এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শোয়াইব উল ইসলাম মহিমকে (২১) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর থানায় থাকা অবস্থায় তিনি ঘুমন্ত কনস্টেবল মো. সেলিমের একটি ছবি তুলে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন। ছবিটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

গ্রেপ্তার হওয়া শোয়াইব উল ইসলাম মহিম পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের আবুল বশরের ছেলে এবং ওই এলাকার ছাত্রলীগের ওয়ার্ড সভাপতি ছিলেন। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা হওয়া সত্ত্বেও পুলিশ হেফাজতে থেকেও তাকে নিয়মিত ফেসবুকে পোস্ট দিতে দেখা যায়।

একটি স্ট্যাটাসে তিনি লেখেন, “আমার জন্য সবাই দোয়া করবেন। আমি পটিয়া থানায়। দেখা হবে আবারও, ফিরবো বীরের বেশে কোনো একদিন। জয় বাংলা।” পরবর্তীতে থানার অফিস কক্ষে হাতকড়া পরা একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, “এই দিন দিন নয়, দিন আরও আছে।”

এসব ছবি ও স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে দায়িত্বে অবহেলার অভিযোগে এসআই মাহমুদুল হক ও কনস্টেবল মো. সেলিমকে তাৎক্ষণিকভাবে ক্লোজড করা হয়।

এদিকে, ক্লোজড হওয়ার খবর পেয়ে কনস্টেবল মো. সেলিম অসুস্থ হয়ে পড়লে তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, দায়িত্বে অবহেলার কারণেই সংশ্লিষ্ট দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন