শিহাবুর রহমান (পীরগঞ্জ)
০১ আগস্ট, ২০২৬, 7:41 AM
ধ্বংসস্তূপের মাঝেও স্বপ্ন দেখে গোলদাতা স্ট্রাইকার কিসকু
রংপুর জেলাধীন পীরগঞ্জ উপজেলার ১ নং চৈত্রকোল ইউনিয়নের চককৃষ্ণপুর গ্রামের এক ছোট্ট ছেলে আজ নিজের পায়ের জাদুতে ফুটবল অঙ্গনে পরিচিতি পেতে শুরু করেছে।
নতুন কুঁড়ি রংপুর ফুটবল দলের গোলদাতা স্ট্রাইকার স্মৃতি কিসকু—যার জীবনের গল্প শুধু ফুটবলের নয় সংগ্রাম, বেদনা আর অদম্য ইচ্ছাশক্তিরও গল্প।
কিসকুর জন্ম ২০১৩ সালের ২৫ সেপ্টেম্বর। জন্মের পর থেকেই জীবন যেন তাকে একের পর এক কঠিন পরীক্ষার মুখোমুখি করেছে। বাবা মারা গেছেন অনেক আগেই। মা বর্তমানে নিখোঁজ। একমাত্র বোনেরও বিয়ে হয়ে গেছে। ফলে নিজের বলতে এখন রয়েছে শুধু পৈত্রিক বাড়িভিটার একটি ভাঙাচুরা চিহ্ন যা এখন অনেকটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যে বাড়িতে একসময় পরিবারের কোলাহল ছিল সেখানে এখন নীরবতা আর ভাঙা স্মৃতির স্তূপ।
এত প্রতিকূলতার মাঝেও কিসকু স্বপ্ন দেখা থামায় নি। ফুটবলই হয়ে উঠেছে তার জীবনের সবচেয়ে বড় আশ্রয়। মাঠে নামলেই যেন সব কষ্ট ভুলে যায় সে। তার চলার গতি, বল নিয়ন্ত্রণ এবং গোল করার দক্ষতায় ইতোমধ্যে নতুন কুঁড়ি রংপুর ফুটবল দলে নিজেকে একজন নির্ভরযোগ্য স্ট্রাইকার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। গুরুত্বপূর্ণ ম্যাচে তার করা গোল দলকে এনে দিয়েছে সাফল্য ও শিরোপা।
গ্রামের মানুষ বলেন, কিসকুর জীবনে অভাব আছে কিন্তু স্বপ্নের কোনো অভাব নেই। সুযোগ-সুবিধা, পুষ্টিকর খাবার কিংবা আধুনিক প্রশিক্ষণের অভাব থাকা সত্ত্বেও নিজের পরিশ্রম আর একাগ্রতায় সে এগিয়ে চলেছে। যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে ভবিষ্যতে জেলা, বিভাগ এমনকি জাতীয় পর্যায়েও নিজের প্রতিভার স্বাক্ষর রাখতে পারবে বলে তাদের বিশ্বাস।
কিসকুর গল্প আমাদের মনে করিয়ে দেয় প্রতিভা জন্ম নেয় না শুধু সচ্ছল পরিবারের সন্তানদের মধ্যে। অনেক সময় ভাঙা ঘর, অভাব আর অন্ধকারের মধ্য থেকেও উঠে আসে একেকটি উজ্জ্বল নক্ষত্র। সেই নক্ষত্রকে আলোর পথে এগিয়ে নিতে সমাজ, ক্রীড়া সংগঠন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা প্রয়োজন।
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে থাকা একটি পৈত্রিক বাড়ি আজও কিসকুর অতীতের সাক্ষী। আর সবুজ মাঠে প্রতিটি গোল যেন তার ভবিষ্যৎ গড়ার নতুন অঙ্গীকার। জীবনযুদ্ধে হার না মানা এই ক্ষুদে স্ট্রাইকারের স্বপ্ন—একদিন দেশের জার্সি গায়ে জড়িয়ে বাংলাদেশের হয়ে গোল করা।
স্রষ্টার অসীম কৃপায় গতকাল বৃহস্পতিবার ৩০ জুলাই ফিরে পেয়েছে তার নিখোঁজ মাকে । মোবাইলের মাধ্যমে কথা হয়েছে তার মার সাথে। এ সময় সে আবেগ আপ্লুত হয়ে পড়ে । মার সাথে দেখা হলেই ভুলে যাবে অতিথির সে সব দুঃখ সব দুর্দশা । সূচনা হবে আরও দুর্বার গতিতে নতুন জীবনের অদম্য উদ্যম । মা'র সাথে দেখা হওয়ার অপেক্ষায় নতুন কুঁড়ির গোলদাতা চ্যাম্পিয়ন স্ট্রাইকার কিসকু।