ইমরান হোসেন (খুলনা)
০৭ আগস্ট, ২০২৬, 8:51 PM
দীনেশচন্দ্র সেন স্মৃতি স্বর্ণপদক অর্জন উপলক্ষে কবি বিপ্লব রায়কে সংবর্ধনা
আচার্য দীনেশচন্দ্র সেন স্মৃতি স্বর্ণপদক–২০২৬ অর্জন করায় বিশিষ্ট কবি বিপ্লব রায়কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৩টায় বটিয়াঘাটা উপজেলা অডিটোরিয়ামে সুধীজন বটিয়াঘাটা, খুলনা-এর আয়োজনে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন মণ্ডল। সভার শুরুতে সুধীজন বটিয়াঘাটার পক্ষ থেকে সংবর্ধিত কবি বিপ্লব রায়কে ফুল ও ফল দিয়ে বরণ করে নেওয়া হয়।
আলোচনা সভায় আলোচক ও অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক আবুল ফজল, অধ্যাপক সুরঞ্জন রায়, অধ্যাপক বিভূতিভূষণ মণ্ডল, সাবেক চেয়ারম্যান শিবপদ মণ্ডল এবং সাহিত্যিক কার্তিক চন্দ্র মণ্ডল। এছাড়াও স্বাগত বক্তব্য দেন সাবেক ব্যাংকার স্বপন বিশ্বাস। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন রায়, দীপ্তি রায়, প্রভাস চন্দ্র রায়, সাবেক অধ্যক্ষ অমিতেষ দাশ, অধ্যাপক সদানন্দ রায় এবং সুদেব চক্রবর্তী।
অনুষ্ঠানে মাসুমবিল্লাহ কবি বিপ্লব রায়ের জীবন ও সাহিত্যকর্মের ওপর রচিত পরিচিতি পাঠ করেন। বক্তারা বলেন, কবি বিপ্লব রায়ের সাহিত্যচর্চা, সৃজনশীলতা এবং বাংলা ভাষা-সাহিত্যে তাঁর অবদান প্রশংসার দাবিদার।
তাঁরা আশা প্রকাশ করেন, এ ধরনের স্বীকৃতি নতুন প্রজন্মকে সাহিত্যচর্চায় আরও উৎসাহিত করবে এবং দেশের সাহিত্য-সংস্কৃতিকে সমৃদ্ধ করবে। সংবর্ধিত কবি বিপ্লব রায় উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সম্মান তাঁর সাহিত্যসাধনাকে আরও বেগবান করবে। তিনি ভবিষ্যতেও সাহিত্য ও মানবকল্যাণে নিবেদিত থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সাহিত্যপ্রেমী, সংস্কৃতিকর্মী, শিক্ষক, শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় সুধীজনের উপস্থিতিতে এক আন্তরিক ও প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠান শেষে কবি বিপ্লব রায়ের হাতে সংবর্ধনা স্মারক ও ফুলেল শুভেচ্ছা তুলে দেওয়া হয়।