নিশাত শাহরিয়ার
০৪ এপ্রিল, ২০২৬, 1:09 AM
তৃণমূল বিএনপি'র মহাসচিবকে নিয়ে বাংলাদেশ বেতারের বিশেষ আয়োজন
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০১০ সালের ২১ নভেম্বর বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বে গড়ে ওঠা রাজনৈতিক দল তৃণমূল বিএনপি'র মহাসচিব আহমেদ শরীফকে বিশেষ এক অনুষ্ঠানে আমন্ত্রণ জানালো বাংলাদেশ বেতার কর্তৃপক্ষ। বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ এই অনুষ্ঠানটি বাংলাদেশ বেতারের ফেসবুক পেজে আপলোড করা হয় ৩ এপ্রিল শুক্রবার, ২০২৬। অথচ দীর্ঘ ১৭/১৮ বছর জাতীয়তাবাদী মতাদর্শে বিশ্বাসী অনেক গুণী ও মেধাবী অভিনেতা ও সংগীত শিল্পীকে বেতারে অনুষ্ঠান করার সুযোগ দেয়নি বাংলাদেশ বেতার কর্তৃপক্ষ।
তবে বর্তমান বাস্তবতায় বিগত সময়ের সুবিধাভোগী অনেককে বেতারের বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্নভাবে সুযোগ দেয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। আর বিগত সময়ের সুবিধাবাদীদের বর্তমানে সময়ে বেতারে অনুষ্ঠান করার সুযোগদানে নেপথ্যে ভূমিকা রয়েছে বেতারের উর্দ্ধতন বেশ কয়েকজন কর্মকর্তার যারা বিগত ফ্যাসিবাদী সরকারের শাসনামলে সুবিধা নিয়েছেন।
জানা যায়, ২০১৭ সালের ১৫ জানুয়ারি রোববার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ জাতীয় জোট (বিএনএ) এর দ্বিতীয় প্রতিষ্ঠার বার্ষিকীর আলোচনা সভায় দলের মহাসচিব হিসেবে অভিনেতা আহমেদ শরীফের নাম ঘোষণা করেন ব্যারিস্টার নাজমুল হুদা। মহাসচিব হিসেবে নাম ঘোষনার পর উপস্থিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান আহমেদ শরীফ।
ঐ অনু্ষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা ও শিল্পপতি সালমান এফ রহমান।
উল্লেখ্য, ২০১৫ সালের ২০ নভেম্বর নাজমুল হুদার নেতৃত্বে তৃণমূল বিএনপি গঠিত হয়। বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে বিভিন্ন সময়ে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স (বিএনএ) এবং বাংলাদেশ মানবাধিকার পার্টি (বিএমপি) নামে তিনটি দল গড়েছিলেন নাজমুল হুদা। এই হিসেবে ‘তৃণমূল বিএনপি’ গঠন ছিল তার তৈরি চতুর্থ দল।
১৯৯১ সালে কুষ্টিয়া সদর উপজেলা-৩ আসন থেকে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে দল থেকে মুখ ফিরিয়ে নেন বলে জানান অভিনেতা আহমেদ শরিফ।
২০১৯ সালের ১৮ এপ্রিল বৃহস্পতিবার ঢাকাই ছবির এই অভিনেতা চিকিৎসার জন্য ৩৫ লাখ টাকার চেক নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। অনুদান পাওয়ার পর আহমেদ শরীফ ও তার পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
২০১৭ সালে অনেকটা গোপনেই সরকারি খরচে আহমেদ শরীফ পবিত্র হজ পালন করেছেন বলে শোনা যায়।
চেক জালিয়াতির একটি মামলায় তিন মাসের কারাদণ্ডও হয়েছিল ঢাকাই সিনেমার এই অভিনেতার।২০১৮ সালের ২এপ্রিল কারাদণ্ডের পাশাপাশি এক লাখ ৬৭ হাজার টাকা জরিমানা করে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ইমান আলী শেখ।