সুমন মন্ডল (জয়পুরহাট)
১৩ অক্টোবর, ২০২৬, 3:02 PM
কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে জয়পুরহাটের কালাইয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দর্শনার্থীদের চলাচল সুশৃঙ্খল করা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় কালাই উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফয়সাল আহমেদ।
সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আল-মাহবুব, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম,কালাই মডেল প্রেসক্লাব এর সভাপতি জনাব লুৎফর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক ও পুনট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইব্রাহিম হোসেন, কালাই পৌর বিএনপির আহ্বায়ক মো. সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মওদুদ আলম সরকার এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আলীম সরকার। এ ছাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ সভায় অংশ নেন।
সভায় পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বৃদ্ধি, দর্শনার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্টদের প্রস্তুত থাকার বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে পূজা উদযাপন কমিটি, পুলিশ ও প্রশাসনের মধ্যে সমন্বয় বজায় রেখে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বক্তারা ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক সৌহার্দ্য বজায় রেখে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান। উৎসবকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দেওয়া হয়। সভায় পূজামণ্ডপ পরিচালনা কমিটিগুলোকে প্রশাসনের নির্দেশনা মেনে চলা এবং নিরাপত্তাসংক্রান্ত যেকোনো সমস্যা দেখা দিলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সংশ্লিষ্ট সবার পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগে কালাই উপজেলায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।