ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
নওগাঁর পোরশায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন ভোলায় বিআরটিএ'র ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ বড়লেখায় সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তরসহ মুক্তিযোদ্ধাদের হুইল চেয়ার ও অর্থ বিতরণ শ্যামনগরের গাবুরা ইউনিয়নে ১০০০ সদস্যের মাঝে ৩০০০ ফলজ বৃক্ষের চারা বিতরণ রংপুরে চায়ের প্যাকেটে ১২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালো যুবক, পরিবারে শোকের ছায়া মৌলভীবাজারের বড়লেখায় ১৩টি এয়ারগান ও গুলি জব্দ হলেও উল্লেখ নেই তালিকায় জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক আল আমিন দেওয়ান আল আবেদী ৪১ বছরের শিক্ষকতা জীবন শেষে আবেগঘন বিদায় কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে পদোন্নতি প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ

#

নিশাত শাহরিয়ার

০১ অক্টোবর, ২০২৫,  9:08 PM

news image

আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পদোন্নতি প্রক্রিয়ায় গুরুতর অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ উঠেছে। অভিযোগকারীরা বলেছেন যোগ্য ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের উপেক্ষা করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তদবির, স্বজনপ্রীতি ও ঘুষ গ্রহণের মাধ্যমে অযোগ্যদের পদোন্নতি দেওয়া হয়েছে।

পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের দাবি, পদোন্নতি যাচাই-বাছাই কমিটি প্রথমে যেসব কর্মকর্তাকে খারাপ বার্ষিক গোপন প্রতিবেদন (ACR) ও গুরুতর অভিযোগের কারণে বাদ দিয়েছিল পরবর্তীতে তদবির, স্বজনপ্রীতি ও ঘুষের বিনিময়ে তাঁদের ফাইল ঘষামাজা করে পদোন্নতি দেওয়া হয়েছে। এতে ব্যাংকের নীতি, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ও পদোন্নতি নীতিমালা স্পষ্টভাবে লঙ্ঘিত হয়েছে। 

ভুক্তভোগীরা জানান, খারাপ ACR ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ থাকা সত্ত্বেও পদোন্নতি দেয়া হয়েছে অনেককে। জ্যেষ্ঠতা লঙ্ঘন করে জুনিয়র ও অযোগ্য কর্মকর্তাদেরও পদোন্নতি দেওয়া হয়েছে। ‌প্রভাবশালী মহলের তদবিরে পদোন্নতি দেয়ায় অনেক যোগ্য কর্মকর্তা বঞ্চনার শিকার হয়েছেন। ভুক্তভোগীরা ন্যায্য দাবি আদায়ে আন্দোলন করায় তাদেরকে দূরবর্তী স্থানে বদলি করে  হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। 

নাম প্রকাশ না করার শর্তে ব্যাংকের পদোন্নতি বঞ্চিত বেশ কয়েকজন কর্মকর্তা জানান, শতাধিক লোককে দূরবর্তী স্থানে বদলি করা হয়েছে। কর্মকর্তাদের অনেকেই প্রয়োজনের তাগিদে নিয়ম অনুযায়ী  লোনের জন্য আবেদন করার পরও তা অনুমোদন দিচ্ছে না ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এটা এক ধরনের হয়রানি বলে অভিযোগ করছেন লোন প্রাপ্তি থেকে বঞ্চিত কর্মকর্তারা। 

পদোন্নতি বঞ্চিত ভুক্তভোগীরা জানান, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তন ঘটলেও বিগত সরকারের সুবিধাভোগীরা এখনো একই রকমভাবে অনিয়ম অব্যাহত রাখায় ব্যাংকের সুনাম, শৃঙ্খলা ও কর্মপরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। 

আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- তদবির, স্বজনপ্রীতি, অনিয়ম ও ঘুষের মাধ্যমে দেওয়া পদোন্নতি বাতিল, অর্থ মন্ত্রণালয়, দুদক ও বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে পূর্ণাঙ্গ তদন্ত, পদোন্নতি কমিটির পুনর্গঠন, জ্যেষ্ঠ ও যোগ্য কর্মকর্তাদের ন্যায্য পদোন্নতি নিশ্চিত, দুর্নীতিতে জড়িত এমডিসহ সংশ্লিষ্টদের অপসারণ। 

এ বিষয়ে জানতে চেয়ে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ব্যাংকের কর্মকর্তাদের পদোন্নতি দেয়ার ক্ষেত্রে কোন রকম অনিয়ম করা হয়নি। অযোগ্যরা পদোন্নতি পাবে না এটাই স্বাভাবিক। যথাযথ নিয়ম অনুসরণ করে সার্বিক দিক বিবেচনায় যারা এগিয়েছিল তাদের পদোন্নতি নিশ্চিত করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবী করেন তিনি।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন